ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর তাণ্ডবে উত্তাল মেঘনার বুকে অনিশ্চয়তার মধ্যে ঘুরপাক খাচ্ছিলেন ৩০ শ্রমিক। বরিশালে মেঘনার মিয়ারচর নামে একটি চ্যানেল খননকাজে নিয়োজিত ছিলেন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) খনন বিভাগের একটি খননযন্ত্রের (ড্রেজার) এই শ্রমিকেরা। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জেনে শ্রমিক ও প্রকৌশলীরা খননকাজে ব্যবহৃত ছয়টি পন্টুন কিনারে নোঙর করে তাতে অবস্থান করছিলেন। রোববার দুপুরে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে একটি পন্টুনের নোঙর ছিঁড়ে যায়। ৩০ শ্রমিকসহ মেঘনার বুকে ভেসে যায় পন্টুনটি। আতঙ্কিত হয়ে পড়েন পন্টুনে থাকা শ্রমিকেরা। এমন ঘোর বিপদেও দিশা হারাননি এক শ্রমিক। রমজান আলী নামের ওই শ্রমিক ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বাঁচার আকুতি জানালেন। তখন বেলা ২টা ৫৮ মিনিট। ভয়ার্ত রমজানের আকুতি শুনে এগিয়ে আসেন পুলিশ, বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ডের সদস্যরা। দুই ঘণ্টার অভিযানে ৩০ শ্রমিকের সবাইকে জীবিত উদ্ধার করা হয়।
বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ৯৯৯-এ ফোন আসাতেই দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের উদ্ধার করা গেছে।
0 Comments