‘আমি একটা গল্প লিখছিলাম। হঠাৎ পরিচালনার দায়িত্ব পেয়েছি।’ মুম্বাই মিররকে বললেন বলিউড তারকা রাধিকা আপ্তে। এবার তিনি চলচ্চিত্র পরিচালনা করছেন। তবে বড় ছবি দিয়ে নয়, পরিচালক হিসেবে তাঁর শুরুটা হচ্ছে ছোট ছবি দিয়ে। তাঁর এই স্বল্পদৈর্ঘ্য ছবির নাম ‘স্লিপওয়াকারস’। ছবির নাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঘুমের মধ্যে যাদের হাঁটার অভ্যাস, তাঁদের নিয়ে ছবির গল্প।
বলিউডে যে কজন নায়িকা অভিনয়ের ব্যাপারে যেকোনো সাহসী পদক্ষেপ নিতে এতটুকু পিছপা হন না, চরিত্র নিয়ে নিরীক্ষা করা যাঁদের পছন্দ, তাঁদের মধ্যে রাধিকা আপ্তে অন্যতম। তিনি জানালেন, ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস, এমন রোগের কথা প্রায়ই শোনা যায়। অনেকেই এই রোগের সঙ্গে পরিচিত। এবার এই শারীরিক সমস্যা নিয়ে তিনি চলচ্চিত্র তৈরি করছেন। তাঁর ছবিটি হবে ৩০ মিনিটের।