বাংলাদেশের শেয়ারবাজারে চীনের বিনিয়োগ বাড়াতে আলাদা একটি সূচক তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বাছাই করা মৌলভিত্তির কোম্পানি নিয়ে আলাদা এই সূচকটি তৈরি করা হবে। এই সূচকে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোম্পানি বাছাই করা হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী। ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী চীনের সেনজেন স্টক এক্সচেঞ্জ এই সূচক তৈরির কাজ করছে। সংস্থাটির আন্তর্জাতিক বিভাগের পরিচালক লিউ ফুজং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের মধ্যে সূচকটি চালুর পরিকল্পনা আছে তাঁদের।
চীনের সেনজেন স্টক এক্সচেঞ্জে অনুষ্ঠিত ‘চায়না-বাংলাদেশ পুঁজিবাজার সহায়তা’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন শেষে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লিউ ফুজং এ কথা বলেন। তিনি বলেন, চীনে অনেক প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারী আছে। তারা বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগে এদের সহায়তা দিতেই নতুন এই সূচকটি চালুর পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানান।

0 Comments